টানা ছয়দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা।
তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে সেতুর ওপর থেকে পানি সরে যায়। বর্তমানে সেতুটি সংস্কারের কাজ চলছে। আপাতত পর্যটকদের কাছ থেকে সেতুতে চলাচলের জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পানি সরে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ পাওয়ার পর আবারও টিকিট চালু করা হবে।
এর আগে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়। নিরাপত্তার কারণে সেদিন দুপুর থেকেই সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পানি বৃদ্ধি পাওয়ার পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়ার কার্যক্রম শুরু করা হয়। একই সময়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়।
১৯৮৬ সালে রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতু নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি দীর্ঘদিন ধরে রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। বর্তমানে এটি ‘সিম্বল অব রাঙামাটি’ নামেও পরিচিত।

