নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি মনিটরসহ বিভিন্ন আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় কার্যালয় বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনে বাইরে থেকে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে ইউএনও কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিং ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

