পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক উত্তেজনা ও ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকার প্রেক্ষাপটে লাদাখে সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে ভারত। লাদাখের বৃহত্তম শহর লেহ-এর উপসাই এলাকায় এটি নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এটি ওই অঞ্চলে সিন্ধু নদের ওপর নির্মিত প্রথম বাঁধ।
প্রতিবেদন অনুযায়ী, বাঁধটি তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি; বরং এটি সম্পূর্ণ প্রাকৃতিক পাথরের বড় চাঁই (বোল্ডার) দিয়ে পরিবেশবান্ধব কৌশলে নির্মাণ করা হয়েছে। এই অবকাঠামোর কারণে সংশ্লিষ্ট এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বৃদ্ধি পেয়েছে এবং এতে প্রায় ৪ কোটি লিটার পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে।
নির্মিত এই বাঁধের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় কৃষিতে। এতদিন ভৌগোলিক জটিলতা ও শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কৃষকেরা সেচ ব্যবস্থার সুফল পেতেন না। নতুন এই প্রকল্পের ফলে সংগৃহীত পানি ‘ইগু ফে’ খালসহ স্থানীয় বিভিন্ন সেচনালায় সরবরাহ করে শুষ্ক ও অনাবাদি জমিকে কৃষি আওতায় আনা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের পক্ষ থেকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়। চুক্তি স্থগিত থাকার এক বছরের মাথায় ভারতের এই অবকাঠামো নির্মাণ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

