নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিনেও কার্ড না পাওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যান।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এনসিপির জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

