২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের আত্মবিশ্বাসী মন্তব্যের পর এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইয়ামাল বলেছেন, গত মৌসুমের সাফল্য ও শিরোপা বিবেচনায় ব্যালন ডি’অর তারই প্রাপ্য।
মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুইজনই আছি। আর এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।’
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ক্লাবটি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। স্পেনের জাতীয় দলের হয়েও ১২ ম্যাচে এক গোল ও তিনটি অ্যাসিস্ট করেন তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপাও জেতেন এই তরুণ ফরোয়ার্ড।
তবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮টি অ্যাসিস্ট করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন।
এদিকে এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্যারিসের পরিবর্তে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে নিয়মিতভাবে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছিল।

