রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) ৮০ বিজয়ীকে পুরস্কৃত করবে দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ। “MEP Accessories Super Offer, 2026 Grand Achiever Celebration” শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মোট ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজ তুলে দেওয়া হবে।
লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলস উৎপাদনকারী এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে কার্যক্রম পরিচালনা করছে। গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি নতুন পণ্য, উন্নত প্রযুক্তি ও বিস্তৃত বিপণন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু পুরস্কার বিতরণে সীমাবদ্ধ নয়; খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবেও অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। এতে এমইপি পণ্যের প্রদর্শনী, ব্যবসায়িক মতবিনিময় এবং ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকের। এতে সভাপতিত্ব করবেন এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার। বিশেষ অতিথি থাকবেন এমইপি গ্রুপের পরিচালক শোকিল আলম চাকলাদার। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, “এই আয়োজন আমাদের ব্যবসায়িক অংশীদারদের অবদানের স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির যৌথ অঙ্গীকার। নতুন কারখানা, উন্নত প্রযুক্তি, নতুন পণ্য ও শক্তিশালী বাজারব্যবস্থার সমন্বয়ে আমরা এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের অন্যতম বড় ও দায়িত্বশীল বাজার-অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে এমইপি গ্রুপ। প্রতিষ্ঠানটির আশা, প্রস্তাবিত কারখানাটি চালু হলে উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্যের মান ও বৈচিত্র্য উন্নত হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় বৈদ্যুতিক পণ্যশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
এমইপি গ্রুপ জানিয়েছে, গ্রাহক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য ‘এমইপি পণ্যে বিশেষ অফার’ আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন পুরস্কার ও বিশেষ সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের আরও সক্রিয় করা সম্ভব হবে।
এমইপি গ্রুপের পরিচালক শোকিল আলম চাকলাদার বলেন, “৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ তুলে দেওয়ার মাধ্যমে আমরা খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের পরিশ্রম এবং আস্থাকে সম্মান জানাতে চাই। নতুন উৎপাদন সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে অংশীদার ও গ্রাহকদের নিয়ে একটি শক্তিশালী ও টেকসই বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

