
বছরে অন্তত তিন জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে রয়েছে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ তৈরি এবং দেশের শিক্ষক-শিক্ষার্থীদের বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও উদ্যোগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটির (কিউএসি) ১২তম সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করেন কিউএসি’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ, জার্নাল ইনডেক্সিং এবং ডি-নথি চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং সভা পরিচালনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানসহ কিউএসি ও আইকিউএসি’র সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত সদস্য হিসেবে বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম সভায় অংশ নেন।
