ফরিদপুরের সালথায় স্থানীয় একটি মিটিংয়ে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা নিজে দেখবেন—এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।
সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি স্থানীয় মিটিংয়ের ভিডিও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যান রফিকুল ইসলামকে সমর্থকদের উদ্দেশে অস্ত্র তৈরির কথা বলতে এবং ভবিষ্যতে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা তিনি নিজে দেখবেন—এমন বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা হয়েছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
চেয়ারম্যান আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন। তবে তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

