সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে মঙ্গলবারের বৈঠকে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, নতুন ভাড়া কার্যকর করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।

