ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই নানা কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের নিরাপত্তাব্যবস্থা ও নারীদের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমনকি সোনার গহনা পরেও স্বাভাবিকভাবে চলাফেরা করাকে নিরাপদ মনে করেন না তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা। এ সময় সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা নানা পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিশার ভাষ্য, অনেক ক্ষেত্রে মানুষ এমন পরিস্থিতির শিকার হন, যা তাদের প্রাপ্য নয়। এসব ঘটনাকে অন্যায় মনে হলেও অনেক সময় কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন।

তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
এদিকে দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনীত তার বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

