নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, এর আগে মোহাম্মদপুর এলাকার বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
মোশতাক আহমেদ রুহী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

