রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে বেশ আগ্রহী।
তিনি বলেন, ঢাকাকে মেটার কার্যক্রমের ফোকাল পয়েন্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ), ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এসব খাতে মেটা বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

