জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে তিনি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
জাতিসংঘের মঞ্চে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। ফলে তারেক রহমান একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতেও অংশ নিচ্ছেন।

