জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
পোস্টের শেষাংশে পুরো ঘটনাকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন তিনি।
পরে ওই পোস্টের মন্তব্যের ঘরে সমালোচকদেরও জবাব দেন সাদিয়া আয়মান। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে তিনি বলেন, যাদের উদ্দেশ্য করে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতেও নথিবদ্ধ হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য সামাজিকমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

