রাজধানীর শ্যামলী এলাকায় ছুরিকাঘাতে রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বলেন, শনিবার ভোর রাত ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন বাবু ও রাসেলসহ ৪/৫ জন রুহুল আমিনকে মারধর এবং ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত আলামিন ওরফে বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে মামলা করেছেন। তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বর্তমানে শ্যামলী এলাকায় ফুটপাতে ভাসমান অবস্থান থাকতেন। হত্যাকারীরাও ভাসমান প্রকৃতির।

