বিনা টিকিটে ট্রেনযাত্রার পর ভাড়া পরিশোধ করতে রেলস্টেশনের কাউন্টারে টাকা ও হাতে লেখা চিরকুট রেখে গেছেন এক যাত্রী। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়ার একটি রেলস্টেশনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
চিরকুটে নিজের পরিচয় ‘মাহী’ উল্লেখ করে ওই যাত্রী জানান, তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে না পেরে গত ৭ অক্টোবর সান্তাহার গিয়েছিলেন তিনি। তবে ফেরার পথে টিকিট কেটেছেন বলে চিরকুটে উল্লেখ করেন।
চিরকুটে লেখা ছিল, “আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি।”
যাত্রীর এমন সচেতনতার প্রশংসা করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ। তিনি বলেন, “রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাঁকে ধন্যবাদ জানাতে পারতাম।”
রেলওয়ে সবার সম্পদ উল্লেখ করে এর যত্ন ও সুরক্ষায় সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

