রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাতজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক ভ্যালি থেকে ফেরার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি উল্টে যায়। এতে সাত পর্যটক আহত হন।
গুরুতর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের হাত ভেঙে গেছে।
আহত ব্যক্তিরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)। তাঁরা সবাই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা।

