ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, গবেষণার অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও একাডেমিক প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের উপদেষ্টা প্রফেসর ড. মো: আবদুল মজিদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল, ইউআইইউর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অব আইটি প্রফেশনালসের (সিডিআইপি) পরিচালক ড. সুমন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহকারী অধ্যাপক ও আইকিউএসির উপপরিচালক জনাব জাকোয়ান।
প্রধান অতিথি প্রফেসর ড. মো: আখতার হোসেন খান ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব’ শীর্ষক ট্রেনিং সেশন পরিচালনা করেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, একাডেমিক মানদণ্ড সুদৃঢ় করা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এছাড়াও তিনি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদর্শন, উদ্ভাবন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, কার্যকর গবেষণা, বিশ্ববিদ্যালয়ের সেবা ও মানবসম্পদ নীতিমালা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়। এসব সেশনের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা ইউআইইউর একাডেমিক প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, গবেষণার পরিবেশ এবং শিক্ষার গুণগত মানের ধারাবাহিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
এ ইনডাকশন ট্রেনিং- শিক্ষক উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং কার্যকর পাঠদান, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইউআইইউর অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এ কর্মসূচি নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, মূল্যবোধ এবং একাডেমিক পেশাদারত্বের মানদণ্ডের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

