দিনাজপুর থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোবাইল ফোন কিনতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিদুল রহমান (২৬) নামের এক যুবক। এতে তার বন্ধু মোটরসাইকেল চালক আশিকুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের জোতপাড়া ধর্মমড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ে একটি দোকানের কর্মচারী এবং কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তার বাড়িতে স্ত্রী ও তিন মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী বদরুল ইসলাম জানান, মোটরসাইকেলে বন্ধুর পেছনে বসে মোবাইল ফোন কিনতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসছিলেন মিদুল। রাস্তায় ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাহী বাস চলে আসে। এ সময় চালক হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে ছিটকে বাসের সামনে পড়েন মিদুল। মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত আশিকুরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করান।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা আসছেন। তবে দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস কিংবা ট্রলি—কোনোটিকেই আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

