গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে পথসভা করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলার জাজিরা উপজেলার নাওডোবায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে জনগণের রায় উপেক্ষা করে স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, জনগণ ভোট দিলেও সরকার সেই রায় মানছে না। বরং জনগণকে অপমান ও প্রতারণা করা হচ্ছে। ধোঁকা দেওয়ার পাশাপাশি মিথ্যাচারও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অন্যায় মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
সাত দফা দাবি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এসব দাবির মধ্যে প্রথম ও প্রধান দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ পাশে থাকলে সব দাবি আদায় করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’ একই সঙ্গে সাত দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা।
এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

