পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত কর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
অভিযোগকারী শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচু বাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে তার সাথে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে মোবারক তাকে ছেড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মোবারক হোসেন মুলাডুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

