পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রাজধানী ঢাকায় প্রায় তিন কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারেন না। এর ফলে মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। তিনি সতর্ক করে বলেছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে হাসপাতালের সংখ্যা এবং রোগীর সংখ্যা উভয়ই বাড়বে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা পানিকে অনেক সহজ মনে করি এবং এর গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করি না। প্রতিদিন সকালে আমরা দুই-তিন গ্লাস পানি পান করি, কিন্তু সেই পানি বিশুদ্ধ কি না, সে বিষয়ে আমরা খুব কমই ভাবি। খাদ্যে ভেজাল, যানবাহনের ধোঁয়া ও কার্বন দূষণের পাশাপাশি প্রতিদিন দূষিত পানি পান করা আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি।
তিনি বলেন, রাজধানীকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীগুলো এক সময় মাছের জন্য পরিচিত ছিল। কিন্তু এখন এই নদীগুলোতে মাছ চাষের পরিবেশ নেই। নদীর পানি ব্যবহার করলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে। সে লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের তিন মাসের মধ্যে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী আইসিসিবিতে বৃহস্পতিবার শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো। তিন দিনব্যাপী এই প্রদর্শনીઓ আগামী শনিবার পর্যন্ত চলবে।

