গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। অন্যদিকে একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ খবর, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

