বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৮৭ জন। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড অর্জন করেছেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
তিনি আরও জানান, মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

