সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল এ সমাবেশের আয়োজন করে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে অধ্যাপক ড. সামছুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছেন। তাঁর দাবি, এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, দলটির পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে এবং তা প্রয়োগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। দলটিকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।”
সমাবেশে উপস্থিত বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

