নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘নেত্রীর ফেরা ও আমাদের মুক্তির সংগ্রাম’ নামক ফেসবুক পেজ থেকে একটি লাইভে যুক্ত হয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।
ভিডিওতে শামীম ওসমান সঞ্চালক শাহাদাত রাসেলকে বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি যখন চিকিৎসারত অবস্থায় আছি। আমার ক্যান্সার হয়েছে। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালো করেন। আমি এতে ভয় পাই না। আমি ভয় পাওয়ার লোক না।’
শামীম ওসমান বলেন, ‘আমাদের একটা টিম করা হয়েছিল টিম ৭১ নামে। আমি ওই টিমের একজন অন্যতম সদস্য ছিলাম। আমি কিন্তু নেতা না, আমি জীবনেও কোনোদিন নেতা হতে পারিনি, নেতা হতে চাইও না, হইতে পারবও না আমি।’
তিনি বলেন, ‘আমার আফসোস, ওই টিমটা (৭১) থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে যে আমার ক্যান্সার। আমার ক্যান্সার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। আমি ভয় পাই না। আমি বোমা হামলায় ভয় পাই নাই। আমাকে বহুবার মারার চেষ্টা করছে। আমি ভয় পাই না। এবং আমার আল্লাহর উপর বিশ্বাস আছে।’

