উচ্চশিক্ষায় প্রকৌশল জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের প্রত্যয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং প্রকৌশল শিক্ষার সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেনের সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম শামসুল আলম। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর নুরুজ্জামান রাকিব।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রকৌশল শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা ও পেশাগত যোগ্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণামুখী চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

