১৭৫ একর জায়গা নিয়ে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) দেশের অন্যতম শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত। স্বাধীনতা-পরবর্তী ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এটি দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। সবুজের সমারোহে ঘেরা এই ক্যাম্পাসে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায়। বিশ্ব জয়ের আকাঙ্ক্ষা আর লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই তারা এই বিদ্যাপীঠকে বেছে নেয়। জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় তারা এখানে অতিবাহিত করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ব্যবস্থাপনাকে তারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য কতটা উপযুক্ত মনে করে, সেটিই বড় প্রশ্ন।
প্রতিষ্ঠার ৪৮ বছর পরও ক্যাম্পাস কি আধুনিক মানের হয়ে উঠতে পেরেছে? দীর্ঘ সময় পেরিয়েও কি শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে? এসব প্রশ্ন শিক্ষার্থীদের মনে ঘুরপাক খায়। একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার পরিবেশ গড়ে তোলা।
একজন নবীন শিক্ষার্থী অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে এই ক্যাম্পাসে আসে। স্বপ্ন বাস্তবায়নের উপযুক্ত জায়গা মনে করেই সে ইবিতে ভর্তি হয়। কিন্তু ক্যাম্পাসে পা রাখার পরই তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ভর্তি প্রক্রিয়ায় এনালগ পদ্ধতি, আবাসন সংকট, শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংকট, মেয়েদের কমন রুমের অভাব, উপযুক্ত ওয়াশরুমের অভাব, মাল্টিমিডিয়া ল্যাবের ঘাটতি এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতাসহ নানা সমস্যা তাদের সামনে এসে দাঁড়ায়। এর সঙ্গে যোগ হয়েছে উন্নত গবেষণার পরিবেশের অভাব এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইটি প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকা। ফলে শিক্ষার্থীরা যেমন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না, তেমনি স্বপ্ন বাস্তবায়নের পথেও পদে পদে বাধার সম্মুখীন হয়।
ক্যাম্পাসের বিভিন্ন প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীন শিক্ষার্থী সুমাইয়া রহমান সামিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন পরিবেশ, নতুন মানুষ এবং ভিন্ন এক শিক্ষাজীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। একটি বৃহত্তর শিক্ষাঙ্গনের অংশ হতে পেরে যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, তেমনি জ্ঞানচর্চা, নিজেকে বিকশিত করা এবং নতুন কিছু শেখার সুযোগও পাচ্ছি। শিক্ষকদের দিকনির্দেশনা, সহপাঠীদের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আমার শিক্ষাজীবনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই প্রাপ্তিগুলোর পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও অনুভব করছি, যেগুলোর উন্নয়ন হলে বিশ্ববিদ্যালয়জীবন আরও সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে আমি বেশ অসন্তুষ্ট। পর্যাপ্ত আলো নেই, দরজায় ছিটকিনি নেই এবং মেয়েদের ওয়াশরুমে ব্যবহৃত স্যানিটারি প্যাড ফেলারও নির্দিষ্ট ব্যবস্থা নেই। আমার প্রত্যাশা, ওয়াশরুমগুলো নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি এসব মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে।
প্রতিটি বিভাগে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের কক্ষ থাকা প্রয়োজন। ক্লাসের বিরতি কম থাকায় অনেক সময় কেন্দ্রীয় নামাজের স্থানে যাওয়া সম্ভব হয় না। তাই প্রতিটি বিভাগে ছোট পরিসরে নামাজের কক্ষ ও অজুর ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হতো।
ক্যাম্পাসের বেশ কিছু জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে। এসব জায়গা পরিষ্কার করে শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণে ব্যবহার উপযোগী করে তোলা হোক।
বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় প্রয়োজনীয় অনেক জিনিস ক্যাম্পাসের আশপাশে পাওয়া যায় না। এমনকি প্রয়োজনীয় বই সংগ্রহ করতেও শহরে যেতে হয়। ক্যাম্পাসের আশপাশে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বই ও স্টেশনারি সামগ্রীর দোকান গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরী হয়ে পড়েছে।
বিভাগের কাছাকাছি ছোট পরিসরে একটি খাবারের দোকান বা স্ন্যাকস কর্নার স্থাপন করা যেতে পারে। কারণ মাত্র ১০ মিনিটের বিরতিতে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব হয় না। এতে শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় হালকা খাবার সংগ্রহ করতে পারবে।
শ্রেণিকক্ষের বেঞ্চ ও বোর্ডগুলোর অবস্থা আরও উন্নত করা প্রয়োজন। দীর্ঘ সময় ক্লাস করার জন্য আরামদায়ক বেঞ্চ এবং স্পষ্টভাবে পাঠ উপস্থাপনের উপযোগী বোর্ড অত্যন্ত জরুরি। শ্রেণিকক্ষের এসব মৌলিক সুবিধার মান উন্নত করা সময়ের দাবি।
ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে অনেক সময় শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিবাদ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের নিকট আমার প্রত্যাশা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে।”
অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন আমার কাছে এক নতুন অধ্যায়। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন সব মিলিয়ে এটি এক অন্যরকম অনুভূতি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেক কিছু প্রাপ্তি রয়েছে । ঠিক তেমনি এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের কিছু প্রত্যাশাও রয়েছে। উল্লেখযোগ্যভাবে বলতে গেলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অনেক সীমিত। ফলে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে মেসে থাকতে হয়। পাশাপাশি নতুন হলগুলোর নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে চলমান থাকায় শিক্ষার্থীদের আবাসন সংকট আরও প্রকট হচ্ছে। পাশাপাশি আমাদের বিভাগেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ল্যাব ক্লাসে একসঙ্গে ৩০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে না। এজন্য একটি ক্লাসকে তিনটি ভাগে ভাগ করে ল্যাব ক্লাস নিতে হয়। পর্যাপ্ত কম্পিউটার ল্যাব সুবিধা না থাকায় এখনো আমাদের কম্পিউটার পরীক্ষাগুলো লিখিতভাবে খাতায় দিতে হয়। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর কিন্তু পরিচর্যা করার মতো লোকজন অনেক সীমিত । আমার প্রত্যাশা থাকবে, আবাসন সমস্যাসহ বিশ্ববিদ্যালয়ের যেসব সমস্যা শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”
ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী শিল্প সরকার বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইংরেজি বিভাগের একজন নবীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে পথচলা শুরু করা আমার জীবনের এক বিশেষ অধ্যায়। এখানে এসে বুঝেছি, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়।এটি নিজেকে চেনা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের চিন্তাভাবনাকে প্রসারিত করারও জায়গা। নতুন মানুষ, নতুন পরিবেশ ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছি।
তবে এই প্রাপ্তির গল্পে কিছু অপূর্ণতাও রয়ে গেছে। পর্যাপ্ত বাসের অভাবে যাতায়াতে ভোগান্তি, শ্রেণিকক্ষের সীমাবদ্ধতা, দুর্বল ওয়াই-ফাই, অপর্যাপ্ত চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্ন ওয়াশরুমের অভাব আমাদের নিয়মিত সমস্যার মধ্যে পড়ে।
আমার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। পর্যাপ্ত বাস ও আবাসন, নিরাপদ ক্যাম্পাস, উন্নত চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করবে।
আমি এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন শুধু ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ থাকবে না বরং নিজেদের যোগ্যতা প্রমাণের মতো পরিবেশ ও সুযোগও তৈরি হবে। কারণ একটি সুন্দর ক্যাম্পাসের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেখানে বেড়ে ওঠা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ।”
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীন শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, “নিজ গ্রাম শহর পেরিয়ে ৩০০ কিলো দূরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সুন্দর একটা পরিবেশে ক্লাস করার সুযোগ পাওয়া, নতুন পরিচয়, নতুন বন্ধু, যেনো ছিল স্বপ্নের মত। বিশ্ববিদ্যালয় মানে বিদ্যার আলয় বা মহা জ্ঞানের চর্চার জায়গা, সুন্দর আধুনিক সিস্টেম, নিরাপত্তা, যাতায়াত এর ভালো সুবিধা ও গবেষণার বিশাল সুযোগ থাকা, এত এত প্রত্যাশা থাকলেও প্রাপ্তি সীমিত। যেন ভর্তি হওয়াতেই ভোগান্তির শেষ নেই। ভর্তির পর আবাসন পর্যাপ্ত না থাকা এবং হলের ক্যান্টিনের খাবারের মান যথাযথ না হওয়া আমাদের অনেক ভোগান্তিতে ফেলে। পাশাপাশি ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রজনীতি এবং কঠোর নিরাপত্তা প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখা যায় রাজনৈতিক কোন্দল লেগেই থাকে এবং বহিরাগতদের ক্যাম্পাসে অবাধ চলাফেরা আমাদের নিরাপত্তাহীনতার ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। দিনশেষে প্রাপ্তি ও প্রত্যাশার টানাপোড় নিয়েই পথচলা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা কাঠামো গবেষণা থেকে শুরু করে সকল বিষয় যেনো বিশ্ব মানের হয় এটাই প্রত্যাশা।”
ফোকলোর এন্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী নাজমুছ ছলেহীন ফাহিম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা আমার জীবনের অন্যতম বড় অর্জন। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি বড় ক্ষেত্র। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে বিভিন্ন গঠনমূলক কাজে যুক্ত হওয়ায় আমার আগের জড়তা ও সংকোচ কেটেছে এবং আত্মবিশ্বাস বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত ও ধর্মের মানুষের সঙ্গে মিশে যেমন তাদের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানছি, তেমনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার চেষ্টা করছি।
তবে প্রাপ্তির পাশাপাশি ক্যাম্পাসের কিছু সীমাবদ্ধতা আমাদের ভোগান্তিতে ফেলছে। প্রায় ২১ হাজার শিক্ষার্থীর বিপরীতে পর্যাপ্ত আবাসন সুবিদা না থাকায় আমাদের বিভিন্ন মেসে ও শহরে থাকতে হয়। সেজন্য আমরা যেমন নিরাপত্তা ঝুঁকিতে থাকি তেমনি অনেক খরচের ঝামেলাও পোহাতে হয়। তেমনি ভাবে পরিবহন সুবিধারও সংকট রয়েছে যা আমাদের অনেক ভোগান্তিতে ফেলে। ক্যাম্পাসটি গ্রামে হওয়ায় টিউশনের সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে ভুগছেন। আমি চাই, এসব সংকট নিরসনে দ্রুত আবাসন ও পরিবহন সুবিধা বৃদ্ধি, দরিদ্র ও মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের মানসিকভাবে সতেজ রাখতে নিয়মিত সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হোক।”
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্ভাবনার অভাব নেই, অভাব মৌলিক সেবার। হাজার হাজার শিক্ষার্থীর জন্য যে চিকিৎসাকেন্দ্র আছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নেই; অসুস্থ হলে আমরা কার্যত অসহায় হয়ে পড়ি। ক্লাসরুম অপরিচ্ছন্ন, সাউন্ড সিস্টেমেরও যত্রতত্র অবস্থা। একবার সমস্যা দেখা দিলে আর ঠিক করার ব্যবস্থা নেয়া হয় না। ফলে শিক্ষকের কথা বোঝাই কঠিন হয়ে পড়ে। আবার মাত্র একটি ক্লাস রুমে এসি থাকলেও তা অনেক সময়েই ঠিক ঠাক ভাবে চলেনা। অন্যদিকে বাসের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় প্রতিদিনের যাতায়াতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রশাসনের কাছে আমার প্রত্যাশা হলো চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নিশ্চিত করা, ক্লাসরুম নিয়মিত পরিষ্কার ও যন্ত্রপাতি মেরামত করা এবং বাসের সংখ্যা ও ব্যবস্থাপনা আরো সমৃদ্ধ করা হোক। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ কোনো অনুগ্রহ নয়, এটি প্রশাসনের দায়িত্ব।”

