রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের মালিক মো. রফিকুল আলম স্বপন বলেন, রাত আড়াইটার দিকে তাঁর গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। সিসি ক্যামেরায় দেখেছেন, মুখোশ পরা দুজন ব্যক্তি পেট্রল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশও এসেছিল।
রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

