যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল হোসেন স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথি তাঁর মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাম হাতের কবজিতে কোপ দেন। এতে কবজিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত স্বামী বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় স্বামী তাঁর স্ত্রীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। তবে শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। পরে তদন্ত করে জানা গেছে, স্বামী তাঁর স্ত্রীর হাতের কবজি কেটে দিয়েছেন। এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

