গাজীপুরের শ্রীপুরে একাধিক পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এমনকি আগে থেকেই ছুটি ঘোষণা করা কারখানাগুলোও হামলার হাত থেকে রেহাই পায়নি। পুলিশের দাবি, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকরা এসব হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুরের বিভিন্ন কারখানার প্রধান ফটকে দলবদ্ধ হয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইল কারখানায় পর্যায়ক্রমে হামলার ঘটনা ঘটে।
ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী বুধবার কারখানা বন্ধ ছিল। সকাল থেকে কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে গেটে ভাঙচুরের চেষ্টা চালালে নিরাপত্তাকর্মীরা তা প্রতিহত করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে আবারও হামলা চালিয়ে কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে হ্যামস গার্মেন্টসে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ভেতরে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলে প্রধান ফটকে ভাঙচুর করা হয়। অন্যদিকে লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর এবং নোমান হোম টেক্সটাইলের গেটে হামলা চালানো হয়।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানানো হবে।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নয়। বহিরাগত কিছু যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।
তিনি আরও জানান, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে।

