শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উদ্যোক্তা রূপ দিতে বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় কী, এমন গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখে গত ২৩ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার; চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশনের আমন্ত্রণে আয়োজিত এই সেমিনারে অংশ নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এ সেমিনারে তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও প্রয়োজনীয় সহযোগিতামূলক পরিবেশ নিয়ে আলোচনা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন শিল্প সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বুয়েটের আইপিই বিভাগের প্রফেসর ড. এ কে এম মাসুদ এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। এসময় সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইউনিভার্সিটির ইনোভেশন হাব ‘SU i-Hub’-এর ক্যাপ্টেন মো. রইস উদ্দিন মোল্লা। তাঁর সঙ্গে ছিলেন SU i-Hub-এর স্টুডেন্ট লিড জুনায়েদ আহমেদসহ একদল উদ্যমী শিক্ষার্থী।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনকিউবেশন সুবিধা, স্টার্টআপ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা, মেন্টরশিপ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। তরুণদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী উদ্যোগ ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে সোনারগাঁও ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। এ ধরনের জাতীয় পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

