সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে। পরে টেকনাফে সংঘটিত সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত চারজন হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন রায়হান, তার দুই ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে গিয়ে তাদের হেফাজতে নেয়। বুধবার রাতে তাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছান।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে চারজনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান আরও জানান, দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হলেও তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হবে।

