বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের নজর বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি চিনফিং–এর সম্ভাব্য বৈঠকের দিকে। পাশাপাশি ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য সমাধান নিয়েও বাজারে বাড়ছে আগ্রহ। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বল অবস্থানের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে।
বাজার বিশ্লেষক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক বাজার। ফলে স্বর্ণের বাজার বর্তমানে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।

