আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই সম্মানজনক পুরস্কার জিতলেন তিনি।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। প্রথম ম্যাচে তুলনামূলক শান্ত থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ভয়ংকর রূপ ধারণ করে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট তুলে নেন এই ডানহাতি গতি তারকা। পরে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আরও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সিরিজ শেষে তার হাতেই ওঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
নাহিদ রানার ধারাবাহিকতা কেবল নিউজিল্যান্ড সিরিজেই সীমাবদ্ধ ছিল না। এর আগে মার্চে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। দারুণ ছন্দে থাকা এই পেসারের পারফরম্যান্সে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
আইসিসির মাসসেরা পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে এই স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ অনুভূতির। দেশের মাটিতে এমন একটি সিরিজ সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।

