মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমদ ডিলার (৭০) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত ছিলেন এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিলন। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই আহমদ ডিলারের মৃত্যু হয়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত মিলনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

