পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট, যা ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য প্রযোজ্য।
রেলওয়ের ঘোষণায় জানানো হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে ২৩ থেকে ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। একইভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে, যদিও এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

