‘মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়’— এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মোটরসাইকেল মালিকদের ওপর সম্ভাব্য কর আরোপের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তা করছে। তিনি মনে করেন, মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত বিত্তশালী নন; বরং জীবিকা নির্বাহ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে তারা এই বাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বৃদ্ধি প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে নিয়োজিত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা সমীচীন হবে না।
জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

