সিরাজগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন হামের উপসর্গ নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে। এর মধ্যে ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।
রোববার (১৭ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্কদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডা. মো. নুরুল আমিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ-সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা ভর্তি আছেন।
তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, সর্দি-কাশি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

