রাজধানীর রামপুরায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার চাঞ্চল্যকর মামলার আসামি মো. শিহাব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৯ মে রাতে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরা থানার একটি দল। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনের সময় তদন্ত কর্মকর্তারা শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মো. শিহাব হোসেনের বিরুদ্ধে আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পরে নিহত আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন রামপুরা থানায় এসে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহর মৃত্যুর আগেই শিহাব হোসেন মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। পরে রামপুরা থানার একটি আভিযানিক দল পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

