চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় গৃহশিক্ষিকা মরিয়ম বেগমকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মায়ের পরিবারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ছাত্রীর মা সুমাইয়া আক্তার সুমি, তার স্বামী রুবেল হোসেন, শ্বশুর আনোয়ার হোসেন এবং স্বর্ণ ব্যবসায়ী দিপক সাহা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম, কানের দুল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, টাকার লেনদেন ও কানের দুল বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়, যা পরবর্তীতে পুলিশের অভিযানে উদঘাটিত হয়।

