চোট কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন তারকা ফুটবলার নেইমার। ফিটনেসজনিত শঙ্কা কাটিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত করলেও নতুন এই চোট তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি করেছে।
সান্তোস ক্লাবের মেডিকেল বিভাগ বুধবার (২০ মে) জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও এটিকে গুরুতর ইনজুরি হিসেবে দেখছে না ক্লাব কর্তৃপক্ষ, তবুও বিশ্বকাপের ঠিক আগে এই সমস্যা ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
ইনজুরির কারণে ইতোমধ্যে সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে খেলতে পারেননি নেইমার। এছাড়া গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব অবশ্য আশাবাদী। তার ভাষ্য, নেইমারের চোট খুব বেশি গুরুতর নয় এবং পরিকল্পনা অনুযায়ী তিনি আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার মতো অবস্থায় ফিরতে পারবেন।

