সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আক্তার হোসেন (৫০), তাজুল ইসলাম (৫৫), শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), কেনু মিয়া (৩৫) ও ছালেক মিয়া (২৩)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। চলমান মামলাগুলোর একটিতে কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদকে আসামি করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে ফয়সালের বাড়িতে ফেরাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে শনিবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

