বগুড়ার কাহালুতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বুধবার (২৭ মে) রাত পৌনে তিনটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজারসংলগ্ন বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের উত্তম মণ্ডল (৩০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের হৃদয় (৩০)। উত্তম মণ্ডল হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার এবং হৃদয় দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস চাকা পাংচার হয়ে যাওয়ায় বউবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একই অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় দুটি গাড়িই সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া চারটার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া আটটার দিকে ট্রাকের হেলপার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

