পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩১ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ছয় হাজার ১৭৫ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।
শনিবার রাতে মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে জানানো হয়, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়। প্রথম ফিরতি ফ্লাইটে (এসভি-৫৮০৬) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮টিসহ মোট ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত যে ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন মারা গেছেন। এ ছাড়া সৌদির বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করতে আবাসন ও চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। গত ১৮ এপ্রিল সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয়ে ২১ মে শেষ হয়। অন্যদিকে ৩০ মে থেকে শুরু হওয়া হাজিদের এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।

