আজ (৩ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশেও দিনটি উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইডিং সংগঠন ও সাইক্লিং কমিউনিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপনের মাধ্যমে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত যানবাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
সাইকেল এমন একটি সহজলভ্য ও সাশ্রয়ী বাহন, যা সমাজের ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের নাগালের মধ্যে রয়েছে। এটি বায়ুদূষণ কমাতে সহায়তা করে, জ্বালানি সাশ্রয় করে এবং নগর এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত সাইকেল চালানো মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখে।
বিশ্ব সাইকেল দিবস ঘোষণার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের গুরুত্ব ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রচারণা শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘের মাধ্যমে সাইকেলের জন্য একটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি আদায় করা।
২০১৫ সালে সিবিলস্কি একটি একাডেমিক প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ শুরু করেন। পরবর্তীতে তা বিশ্বব্যাপী একটি আন্দোলনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এ প্রস্তাবে তুর্কমেনিস্তান সক্রিয় সমর্থন প্রদান করে এবং প্রায় ৫৬টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা করে।
বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব, টেকসই ও সহজলভ্য পরিবহন হিসেবে সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করা এবং মানুষের মধ্যে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

