ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই বাজি ধরার বাজারে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখা হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রাখা হয়েছে তুলনামূলকভাবে পিছনের সারিতে।
তবে এই অবস্থান নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো। বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকাকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফার মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসিমিরো বলেন, “আমরা হয়তো টুর্নামেন্টের প্রধান ফেভারিট নই, কিন্তু আমাদের দল ভালো ছন্দে রয়েছে। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ। আলোচনায় আমরা হয়তো অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, তবে আমরা প্রস্তুত, সতর্ক এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
গত কয়েক বছরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রশাসনিক অস্থিরতা, সভাপতি নির্বাচন এবং কোচ পরিবর্তন নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। সেই পরিস্থিতির কথাও তুলে ধরেন ক্যাসিমিরো।
তিনি বলেন, “নতুন কোচ কার্লো আনচেলত্তি এবং নতুন সভাপতির আগমনের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের সময় পার করছি। আনচেলত্তির অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে আন্তর্জাতিক সূচির কারণে আমরা একসঙ্গে খুব বেশি সময় কাজ করার সুযোগ পাইনি। সব মিলিয়ে প্রায় ৪০ দিনের মতো অনুশীলন করেছি।”
স্বল্প সময়ের প্রস্তুতি নিয়েই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে থাকা সেলেসাওরা তাদের অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
মাঠের বাইরের অস্থিরতা ও সমালোচনা পেছনে ফেলে ক্যাসিমিরো, ভিনিসিয়ুস জুনিয়রদের নেতৃত্বে ব্রাজিল আবারও বিশ্বমঞ্চে সাম্বা ফুটবলের ঝলক দেখাতে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
শিরোনাম:

