নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রায় ১৯ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। দীর্ঘ সময় ধরে বিএসএফ পুশ ইনের চেষ্টা চালালেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি। স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ ভূমিকার প্রশংসা করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম জানান, বিজিবি সদস্যরা সারাদিন ওই ব্যক্তিদের ওপর নজরদারি বজায় রেখেছিলেন। পরে রাতের দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে জোরপূর্বক ভারতের দিকে নিয়ে যায়। এ সময় তারা যেতে অনিচ্ছা প্রকাশ করে কান্নাকাটি করছিল বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক দিক বিবেচনায় শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থানের সুযোগ দেওয়া হলেও সন্ধ্যার পর নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার আলো নিভিয়ে দেয় এবং পরবর্তীতে পুশ ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়ে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।

