জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাল মিয়া ওই এলাকার মৃত সুরাব আলী চাহাজির ছেলে। স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলেকে নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন আলাল মিয়া। মঙ্গলবার সকালে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমানোর কথা বলে চলে যান। সন্ধ্যা হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।
পরে আশপাশের লোকজন বকশীগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

