২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দর্শকদের জন্য পানির বোতল বহনে আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে FIFA। সমর্থক গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক নেতার তীব্র সমালোচনার মুখে নিজেদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের যেকোনো ম্যাচে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
তবে নিরাপত্তার স্বার্থে শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় এক লিটার ধারণক্ষমতার স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশের অনুমতি থাকলেও, গত মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ নির্দেশিকায় তা নিষিদ্ধ করা হয়। সংস্থাটি সে সময় খেলোয়াড়, রেফারি, স্বেচ্ছাসেবক ও দর্শকদের নিরাপত্তার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেয়।
তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে বিশ্বকাপ চলাকালে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে—এমন পূর্বাভাসের কারণে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ইংলিশ সমর্থক গোষ্ঠী The Free Lions এ সিদ্ধান্তকে সমালোচনা করে একে ‘অতিরিক্ত অর্থ আদায়ের কৌশল’ বলে আখ্যা দেয়।
এদিকে, Zohran Mamdani ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, প্রচণ্ড গরমের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত উদ্বেগজনক। তার মতে, শুধু খেলোয়াড়রাই নয়, দীর্ঘ সময় ধরে গ্যালারিতে অবস্থান করা দর্শকরাও তীব্র গরমের প্রভাবের মুখোমুখি হবেন।

